মতলবে ডোবা থেকে শিশুর লাশ উদ্ধারের ঘটনায় শিশুটির জেঠা নজরুল ইসলাম বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় গত ২৫ ডিসেম্বর বুধবার রাতে চারজনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছে। এ ঘটনায় গতকাল ২৬ ডিসেম্বর আটককৃত শিশুটির সৎ দাদী জাহেদা বেগম (৪০) ও সৎ ফুফু লাকী আক্তার (২৫)কে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার উত্তর নায়েরগাঁও ইউনিয়নের নাউজান গ্রামের ফজলুল ডাক্তারবাড়ির কামরুল ইসলামের ছেলে তাওহিদুল ইসলাম (২ বছর ৪ মাস)কে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যার ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্টদের যোগসূত্রতা পাওয়ায় আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার বাকি দু আসামী হলো শিশুটির চাচা নূরে আলম (২৭) ও জানে আলম (২২)। তারা চারজনই ওই শিশুটির চাচা, দাদী ও ফুফু সম্পর্ক। গতকাল বৃহস্পতিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ বলেন, চারজনের বিরুদ্ধে শিশুটির জেঠা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। এদের মধ্যে আটককৃত দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের আটকের চেষ্টা চলছে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
