স্টাফ রিপোটার ঃ
চাঁদপুর জেলার মতলব উত্তরে ফরাজীকান্দিতে ঈদের দিন দরবার শরীফের কর্তৃত্ব নিয়ে দ্বন্দ্বে নিহত চাঞ্চল্যকর রফিকুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামী মোঃ সিরাজ দৌলাকে (৭০) গ্রেফতার করেছে সিআইডি পুলিশ । শুক্রবার গোপন সূত্রে ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মতলব উত্তরের ফরাজীকান্দি থেকে গ্রেফতার করা হয় । এ ব্যাপারে চাঁদপুর সিআইডির কার্যালয়ের এসআই মামলার তদন্ত কর্মকর্তা তাজামূল হক জানান, মামলার এজহারভুক্ত ১নং আসামী সিরাজ দৌলাকে ফরাজীকান্দি থেকে গ্রেফতার করা হয়েছে । হত্যা মামলাটি তদন্ত শেষ পর্যায়ে । ঘটনার সাক্ষ্য প্রমান পাওয়া গেছে । অচিরেই এ মামলাটি চার্জসীট আদালতে প্রেরন করা হবে । এক প্রশ্নের জবাবে বলেন, চার্জসীটে আসামীর সংখ্যা বাড়তে পারে । জানা গেছে, এ মামলায় ইতিপৃর্বে আরো ৩জন এজহারভুক্ত আসামী গ্রেফতার হয়েছে । তারা হলেন,শাইখ মোকাদ্দেস (৪৫)আক্তার হোসেন (৪২) ,হাবিব প্রধান (২৭) । মামলাটি ৩০ জুলাই ২০১৪ সালে মতলব উত্তর থানায় ৩৫ জনকে আসামী করে এজহার করা হয় । মামলা নং ১৭ ধারা ১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৪২৭ । এ ব্যাপারে মামলার বাদী নিহত রফিকুল ইসলামের ভাই আবুল কাশেম মোল্লা জানান, ঘটনাটি ২০১৪ সালের ২৯ জুলাই ফরাজীকান্দিতে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে । পরের দিন ৩০ জুলাই মতলব উত্তর থানায় হত্যা মামলা রুজু করা হয় । মামলায় অধিকাংশ আসামী এখনো গ্রেফতার হয়নি । যার কারনে আসামীরা আমাকে প্রতিনিয়ত মৃত্যুর হুমকি দিয়ে আসছে । বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি । আমি এ মামলার সঠিক বিচার চাই । আসামীদের যাতে সর্বোচ্চ সাজা হয় । উল্লেখ করা যেতে পারে তৎকালীন এ ঘটনাটি ফরাজীকান্দিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে । রফিক হত্যার বিচারের দাবীতে এলাকাবাসী ওই সময় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে । ঘটনার পর এ নিউজটি চাঁদপুরের স্থানীয় দৈনিক পত্রিকাগুলোতে গুরুত্ব সহকারে ব্যাপক প্রচার হয় ।
