মতলব উত্তর : কয়েকদিনের প্রবল বর্ষণে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে পানি জমে গেছে। পুকুর থেকে চাষ করা মাছ বের হয়ে জমিতে বিচরণ করছে। আর এ সুযোগে সৌখিন মাছ শিকারীরা টেঁটা দিয়ে সন্ধ্যার পর মাছ শিকারে নেমে পড়ে। মাছ শিকারের টেঁটার জন্য মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে টেঁটা তৈরির কারিগর আঃ মান্নান সওদাগরের কাছে ছুটছে সবাই।
নদীমাতৃক বাংলাদেশের আনাচে-কানাচে সর্বত্রই নদী-নালা, পুকুর, খাল-বিল ইত্যাদি বিদ্যমান। এসব প্রাকৃতিক উৎস থেকে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে অনেক মানুষ। মাছ ধরার জন্য নানা উপকরণ যেমন : বড়শি, টেঁটা, বইচনা, কোঁচ, পলো, জাল ও চাঁই অন্যতম। পল্লী এলাকার এসব জনগণের মাছ ধরার সবচেয়ে পুরনো পদ্ধতি হচ্ছে চাঁইয়ের ফাঁদ পাতা ও টেঁটা দিয়ে মাছ শিকার।
টেঁটার কারিগর আঃ মান্নান সওদাগর জানান, টেঁটা তৈরির স্টীল ও টেঁটার কুড়ায় (বিশেষ জাতের বাঁশের কঞ্চি) আনতে হয়
নারায়ণগঞ্জের কাউক্কারটেক থেকে। প্রকারভেদে প্রতিটি টেঁটা ২শ’ থেকে ৩শ’ টাকায় বিক্রি হয়। বৈশাখ মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত টেঁটা বিক্রির মৌসুম। প্রতিদিন আড়াই থেকে তিন হাজার টাকা টেঁটা বিক্রি হয়। খরচ বাদ দিয়ে ৫-৬শ’ টাকা আয় থাকে। মান্নান সওদাগরের টেঁটা কেনার জন্য মাছ শিকারীরা হুমড়ি খেয়ে পড়ছে।
