মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি আইডিয়েল একাডেমীর নবম শ্রেণীর ছাত্রী তানিয়া আকতার গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যায়। মতলব-শ্রীরায়েরচর-দাউদকান্দি সড়কে ইউসুফের মোড়ে ঢাকাগামী মাইক্রো তানিয়াকে আঘাত দিয়ে চলে যায়। তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে পথচারীরা তাকে উদ্ধার করে কালিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক মাইক্রোকে আটক করতে পারেনি। মতলব উত্তর থানার এসআই মোঃ শাহজাহান ঘটনাস্থল পরিদর্শন করেন। তানিয়া আকতার সাদুল্লাপুর গ্রামের আলাউদ্দিনের মেয়ে। অভিভাবকের দাবিতে লাশ ময়না তদন্ত ছাড়াই দাফন করার অনুমতি দেয়া হয়। এ ব্যাপারে কোনো প্রকার মামলা হয়নি। তানিয়ার মৃত্যুর সংবাদ বিদ্যালয়ে পৌঁছলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। বাগানবাড়ি আইডিয়েল একাডেমির প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম জমাদার জানান, তানিয়া আক্তার একজন মেধাবী শিক্ষার্থী ছিলো। তার মৃত্যুতে আমরা একজন মেধাবী শিক্ষার্থী হারিয়েছি। সড়ক দুর্ঘটনা রোধে সরকারিভাবে পদক্ষেপ নিতে হবে।

