মতলব দক্ষিণ উপজেলার করবন্দ গ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জুয়েল (২২) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মতলব উপজেলা সীমানা ঘেঁষা মহামায়া-রাজারগাঁও সড়কের বোয়াল বাড়ির সামনে তালের শাঁস কাটার দা হারানোকে কেন্দ্র করে করবন্দ সফর আলী বেপারী বাড়ির মৃত আলী আরশাদ বেপারীর ছেলে ফরিদ ও একই বাড়ির জামাল বেপারীর ছেলে আরিফ জুয়েলকে একা পেয়ে ছুরিকাঘাত করে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়। আশঙ্কাজনক অবস্থায় জুয়েলকে ঘটনার পর পর সেখান থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মতলব দক্ষিণ থানায় হত্যা মামলা করার প্রস্তুতি নিয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা আরো জানায়, তালের শাঁস কাটার একটি দা হারানোকে কেন্দ্র করে বিকেল সোয়া ৫টায় করবন্দ গ্রামের মালেগো বাড়ির কাছে দোকানের সামনে জুয়েলের সাথে আরিফ ও ফরিদের ঝগড়া হয়। এর জের ধরে সন্ধ্যায় জুয়েলের উপর হামলা চালায় তারা। এ রিপোর্ট লেখা পর্যন্ত খবর পেয়ে মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) মোঃ মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনা সম্পর্কে অবগত হন।
