মিজানুর রহমান রানা
চাঁদপুর শহরের মধ্য গুণরাজদীতে গ্যাসের পাইপ ও গ্যাসের চুলা বিস্ফোরণে মহিলাসহ ৪ জন দগ্ধ হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় মধ্য গুণরাজদী শাহজাহনের বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শাহজাহানের বাড়ির ওপর দিয়ে পল্লী বিদ্যুতের ৩৩ হাজার কেবির বিদ্যুতের লাইন যায়। বাড়ির পাশে স্টিলের খুঁটি টানা দেয়ার তারটি গ্যাস লাইনের সাথে মাটিতে পোতা ছিলো। বিদ্যুতের তারে চিল পাখি লেগে লাইনে আগুন ধরে ওই তারে বিদ্যুৎ এসে গ্যাসের পাইপে লেগে যায়। এ সময় গ্যাসের রাইজার ও চুলা বিস্ফোরণ হয়ে আগুনের লেলিহান শিখায় হয়ে মহিলাসহ চারজন দগ্ধ হয়ে আহত হয়। আহতরা হলেন আলমগীর (৪০), রহিমা (৩৫), অপু ও পাপ্পু। এর মধ্যে আলমগীরকে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। আর রহিমাকে চিকিৎসার জন্য চাঁদপুর আড়াই শ’ শয্যার বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দু’জন প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
এ খবর পেয়ে পল্লী বিদ্যুতের কর্মকর্তা সাখাওয়াত ও জসিম ঘটনাস্থলে আসলে উত্তেজিত জনতা তাদের অবরুদ্ধ করে রাখে এবং বিদ্যুতের লাইনটি বাড়ির ওপর থেকে সরিয়ে নেয়ার দাবি জানায়। পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যবস্থা গ্রহণে তাদেরকে আশ্বস্ত করলে পরবর্তীতে তাদের ছেড়ে দেয়া হয়।

