ফখরুল ইসলাম তারেক : চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য, বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি লায়ণ মোঃ হারুনুর রশিদ এমপি বলেন, বর্তমানে সরকারের ফ্যাসিবাদী আচরনের শিকার হয়ে সাংবাদিকরা পর্যন্ত তাদের অফিস থেকে বের হতে পারছেন না । তিনি বলেন, যেখানে মাহমুদুর রহমানের মত একজন বিশিষ্ট ব্যক্তি তার অফিসের বাইরে বেরুতে পারছে না,সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় । তাই এই সরকারের এমন কর্মকান্ডের উপযুক্ত জবাব দিতে এখন থেকেই দলীয় নেতা কর্মীদের মাঠে থাকতে হবে ।
তিনি গতকাল ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, স্থানীয় সকদি রামপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই সম্মেলনে। ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , জেলা বিএনপির স্বেচ্ছা সেবক বিষয়ক সম্পাদক জয়নাল আবদীন, জেলা যুবদলের সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সহ-সভাপতি মজিবুর রহমান দুলাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. হুমায়ুন কবির, সাবেক পৌর প্রশাসক সফিকুল ইসলাম পাটোয়ারী, উপজেলা যুবদলের আহবায়ক নাছির উদ্দিন পাটোয়ারী, যুগ্ম-আহবায়ক মাহফুজুর রহমান টিপু, পৌর যুবদলের আহবায়ক মহসিন মোল্লা প্রমুখ। সম্মেলনে সর্বসম্মতিক্রমে মোঃ জাকির মোল্লা সভাপতি , সাগর মজুমদার সাধারণ সম্পাদক ও মো: লিটনকে সাংগঠনিক সম্পাদক করে আগামী দুই বছরের জন্য নির্বাচিত করা হয় ।
