চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডের মির্জাপুর গ্রামের একটি ফসলী জমি থেকে অজ্ঞাত এক তরুণীর (১৮) লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, এ তরুণীকে ধর্ষণের পর হত্যা করে দুর্বৃত্তরা এ জমিতে এনে ফেলে গেছে। গতকাল ৩ মার্চ শনিবার সকালে মির্জাপুর গ্রামের একটি লাউ ক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, মির্জাপুর গ্রামের আব্দুল হকের ভুট্টা চাষকৃত ফসলী জমিতে গতকাল সকালে ৩ জন শ্রমিক কাজ করতে আসে। কাজ করা অবস্থায় একজন শ্রমিক প্রকৃতির ডাকে সাড়া দিতে পাশেই গাজী বাড়ির দীনু গাজীর লাউ ক্ষেতের কাছে গিয়ে বসলে তিনি দেখতে পান এক নারীর নিথর দেহ মাটিতে পড়ে আছে। তার গলায় ওড়না পেঁচিয়ে লাউ ক্ষেতের মাচার সাথে বেঁধে রাখা হয়েছে। তখন তার চিৎকারে আশপাশের লোকজন ও সাথের শ্রমিকরা এসে লাশটি দেখতে পায়। এ সময় খবর পেয়ে ১৩নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মোঃ ফোরকান উদ্দিন খানসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। সকাল সাড়ে ৯টায় তিনি চাঁদপুর মডেল থানা পুলিশকে এ সংবাদটি জানান। এরই মধ্যে এ ঘটনা জানাজানি হলে শত শত নারী-পুরুষ লাশটি দেখতে আসে। সকাল অনুমান সাড়ে ১০টায় চাঁদপুর মডেল থানার এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। স্থানীয় লোকজনের উপস্থিতিতে অজ্ঞাত এ তরুণীর লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্যে চাঁদপুর মর্গে প্রেরণ করে পুলিশ। স্থানীয়রা জানায়, এ তরুণী তাদের এলাকার নয়। যার জন্যে তাকে চেনা যাচ্ছে না।
এদিকে একটি সূত্র থেকে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পূর্ব মুহূর্তে এ তরুণীকে একাকী চাঁদপুর শহরের ছায়াবাণী এলাকায় রেললাইনের উপর অবস্থান করতে দেখেছে কেউ কেউ। সেখান থেকে হয়তো কেউ তাকে এখানে এনে হত্যা করে লাশ লাউ ক্ষেতের মাচার সাথে বেঁধে রাখে। চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান মোল্লা জানান, আমরা অজ্ঞাত এক তরুণীর লাশের খবর পেয়ে সেখান থেকে লাশ উদ্ধার করে এনেছি। ধারণা করা হচ্ছে, এ অজ্ঞাত তরুণীকে ধর্ষণের পর দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করে ওই ক্ষেতের মধ্যে নিয়ে গলায় ওড়না পেঁচিয়ে লাউয়ের মাচার সাথে বেঁধে রাখে। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
