চাঁদপুর শহরের চাঞ্চল্যকর মুক্তিযোদ্ধা আবদুল মালেক নান্নু পাটওয়ারী (৬০) হত্যা মামলার চার্জশীট প্রস্তুত। যে কোনো দিন তা আদালতে দাখিল করা হবে। ঘাতক নান্নু পাটওয়ারীরই আপন ভাই রফিক পাটওয়ারী ও তার দু শ্যালক। এই তিন জনকে অভিযুক্ত আসামী করে চার্জশীট প্রস্তুত করা হয়েছে। এ তথ্য জানালেন এ মামলার তদন্ত কর্মকর্তা চাঁদপুর সদর মডেল থানার এস আই ফিরোজ। গতকাল বৃহস্পতিবার চাঁদপুরের নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় আনুষ্ঠানে নান্নু পাটওয়ারী হত্যা মামলার ব্যপারে জানতে চান। তখন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম এ মামলার চার্জশীট হয়ে গেছে বলে
সাংবাদিকদের জানান। পরে মামলার আইও’র সাথে কথা বলে চার্জশীট সম্পর্কে উপরোক্ত তথ্য জানা গেছে।
চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকার মুক্তিযোদ্ধা নান্নু পাটওয়ারী গত বছরের ২০ মে রাতে নিজ ঘরে নৃশংসভাবে খুন হন। ঘাতকরা তার চোখ উপড়ে, মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে জখম করে নৃশংসভাবে হত্যা করে। এমনকি তার হাত-পা ঘরের জানালার সাথে রশি দিয়ে বেঁধে টানা দিয়ে রাখা হয়।

