
প্রতিনিধি : মৃত্যুর পরও ভোটার আইডি কার্ড প্রয়োজন হয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী।
রানা প্লাজার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ‘নিহতদের মধ্যে প্রায় সাড়ে পাঁচ শ’ নাগরিকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাৎক্ষণিক ৫ লাখ টাকা এবং বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন নিহতদের পরিবার। ফলে মৃত্যুর পরও ভোটার আইডি কার্ড সম্পদের দলিলের মতো কাজে লাগবে।’
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় রবিবার দুপুরে ই-সেন্টারে অনুষ্ঠিত ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ২০১৪ কার্যক্রম পর্যালোচনা সভার প্রধান অতিথির বক্তব্য তিনি এ সব কথা বলেন।
জাবেদ আলী বলেন, ‘আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে। তারপর ভুলত্রুটি নিয়ে ১৫ জানুয়ারি মধ্যে কাজ করা হবে। এলাকার বাইরে কেউ ভোটার হতে পারবে না।’
জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, ‘ভুল তথ্য বা জন্ম সনদে ভুল তারিখ লিখবেন না। এতে দেশ ও জাতির ক্ষতি সাধিত হয়। বয়স বেশি লিখে জন্ম নিবন্ধন করা হয়। তা প্রশ্নবিদ্ধ হলে প্রয়োজনে কমিশন ডিএনএ টেস্ট করাতে বাধ্য হবে।’
নির্বাচন কমিশনার পরির্দশনকালে হাজীগঞ্জ উপজেলা তথা চাঁদপুরে ভোটার তালিকা প্রসঙ্গে বলেন, ‘জেলায় নারীর সংখ্যা বেশি থাকলেও এখানে নারী ভোটার কম হওয়া দুঃখজনক। নারী অপারেটরদের দিয়ে এখন নারীদের ভোটার কাজ করানো হচ্ছে।’ সচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলামের সভাপতিতে পর্যালোচনা সভায় বক্তব্য রাখেন— উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আ. রশিদ মজুমদার, জেলা নির্বাচন কমিশনার আতাউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক পরাণ, উপজেলা নির্বাচন কমিশরার হুমায়ুন কবির প্রমুখ।
শিরোনাম:
শুক্রবার , ১৪ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩০ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
