
চাঁদপুরের মেঘনা নদীতে ডাকাতের উপদ্রব থেমে নেই। তারা এবার লঞ্চে নয়, হামলা চালিয়েছে বাল্কহেডে। এতে সুকানি ও শ্রমিকসহ ৪জন গুরুতর আহত হয়েছেন।
৬ জানুয়ারি বুধবার দিবাগত রাতে চাঁদপুরের মেঘনা নদীর মিয়ার চর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ডাকাতরা এ সময় বাল্কহেডে থাকা ৪শ’ লিটারের দুটি তেলের ড্রাম, দামী কাচি ও নোঙ্গরসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
আহতরা হলেন পটুয়াখালী জেলার গলাচিপা থানার চরবিশ্বাস গ্রামের জলিল পেদার ছেলে ও বাল্কহেডের সুকানি মিজান পেদা (৪২), একই গ্রামের রশিদ হাওলাদারের ছেলে শ্রমিক বাদল হাওলাদার (৫০), আব্দুল মোতালেবের ছেলে ফরহাদ হাওলাদার (২৩) ও চান মিয়া মুন্সির ছেলে রাকিব (২০)।
ঘটনার পরে এরা সকলে গভীর রাতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসাসেবা নিয়েছেন।
৭ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে বাল্কহেডের সুকানি মিজান পেদা জানান, তারা বুধবার দিন বালিবাহী বাল্কহেড নিয়ে পটুয়াখালী থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন। রাত ৯টার দিকে তারা চাঁদপুরের মেঘনা নদীর মিয়ার চর এলাকায় আসলে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ইঞ্জিন চালিত ট্রলারযোগে তাদের বাল্কহেডকে উদ্দেশ্যে করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে তারা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দেখিয়ে তাদেরকে মেরে রক্তাক্ত জখম করে।
তিনি আরো জানান, ডাকাতরা বাল্কহেডে থাকা ৪শ’ লিটারের দুটি তেলের ড্রাম, দামী কাচি ও নোঙ্গরসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
