চাঁদপুর প্রতিনিধি- লঞ্চ ডুবির ছয়দিন পর বুধবার মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইসমানিরচর সংলগ্ন মেঘনা নদী থেকে আরও চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এনিয়ে শুক্রবারের লঞ্চ ডুবির ঘটনায় ১৮ জনের লাশ উদ্ধার হলো।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে স্থানীয়রা নদীতে ভাসমান তিনটি লাশ উদ্ধার করে থানায় ও পাশের চাঁদপুর উত্তর মতলবের বিভিন্ন এলাকার নিখোঁজদের স্বজনদের খবর দেয়।
খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে গজারিয়া থানা পুলিশ ও নিখোঁজদের স্বজনরা ঘটনাস্থলে এসে লাশগুলো শনাক্ত করে। দুপুর ১২টার দিকে একটু দূরে আরেকটি লাশ ভেসে উঠতে দেখা যায়। পরে কোস্টগার্ড সদস্যরা লাশটি উদ্ধার করে।
বুধাবার উদ্ধার করা লাশগুলোর পরিচয় জানা গেছে। এরা হলেন-উত্তর মতলব মুক্তিরকান্দি এলাকার বাসিন্দা ও নারায়ণগঞ্জের রং ব্যবসায়ী আবুল হাসেম (৩৮), উত্তর মতলবের রায়েরকান্দি এলাকার জিলানী সরকারের স্ত্রী নাজমা বেগম (৩০), চন্দ্রাকান্দি এলাকার মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে শাহানাজ আক্তার (১৮) ও বদরপুর এলাকার নুরুল ইসলামের স্ত্রী শিল্পী আক্তার (২৫)।
দুপুর পৌনে ১টায় ঘটনাস্থল থেকে গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, উত্তর মতলবের লোকজন নিজেদের নিখোঁজ স্বজনদের খোঁজ জানানোর অনুরোধ করে গজারিয়ার লোকজনের কাছে মোবাইল ফোন নম্বর দিয়ে গিয়েছিলেন। সেই সূত্রে লাশ উদ্ধারের খবর পেয়ে তারা এখানে ছুটে এসেছেন।’
তিনি আরও জানান, লাশগুলো শনাক্ত করার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৮টার দিকে বালুবাহী বলগেটের ধাক্কায় নারায়ণগঞ্জ থেকে মতলবগামী এমএস সারস নামের একটি যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় এর আগে ১৪টি লাশ উদ্ধার করা হয়েছিল। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
