
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী গ্রামের বরকন্দাজ বাড়িতে দরিদ্র রিক্সাচালকের শিশু কন্যা (১১)কে ধর্ষণ করেছে জেঠা সম্পর্কীয় রফিকুল ইসলাম মিজি (৫০) নামের এক লম্পট।
গতকাল ২১ এপ্রিল বেলা ৩টায় রফিক ওই শিশু কন্যাকে ফুসলিয়ে নির্জন একটি ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। তখন শিশুটির কান্নার আওয়াজ শুনে বাড়ির লোকজন ঘটনাস্থলে এসে শিশু কন্যাটিকে উদ্ধার করে। এরপর ধর্ষিতা শিশুর বাবা পুলিশ সুপারের শরণাপন্ন হলে তিনি চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জকে বিষয়টি দেখার নির্দেশ দেন। কিন্তু রহস্যজনক কারণে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবদুল কাইয়ুম ধর্ষণের বিষয়টি গুরুত্ব না দিয়ে ধর্ষিতার বাবাকে থানা থেকে ফিরিয়ে দেন। পরে মৈশাদী ইউপি চেয়ারম্যানের অনুরোধে দীর্ঘ সময় পর রাত ১১টায় সংশ্লিষ্ট এলাকায় পুলিশ পাঠানো হয় ঘটনা তদন্তের জন্য।
এ ব্যাপারে চাঁদপুর কণ্ঠের পক্ষ থেকে যোগাযোগ করা হলে অফিসার ইনচার্জ জানান, আসলে এটি ধর্ষণ নয়, শিশুকে রফিক জোর করে চেপে ধরেছে। আমি ফোর্স পাঠিয়েছি। দেখা যাক বিষয়টি সত্য কী না। এ দিকে ধর্ষণের বিষয়টি নিয়ে মডেল থানার অফিসার ইনচার্জের রহস্যজনক ভূমিকা সকলকে হতবাক করেছে। অথচ এলাকায় এ নিয়ে বেশ উত্তেজনা বিরাজ করছে। উল্লেখ্য, উক্ত রফিক মিজি ছোট বেলা থেকেই লম্পট প্রকৃতির। ইতিপূর্বেও সে অনেক ঘটনার জন্ম দিয়েছে। এলাকাবাসী সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তার উপযুক্ত শাস্তি দাবি জানিয়েছে।
