শাহরাস্তিতে মোটরসাইকেল দুর্ঘটনায় গ্রামীণ ব্যাংক প্রোগ্রাম অফিসার গোলাম মোস্তফা (৫৭) নিহত হয়েছেন। গতকাল বুধবার বেলা ৪টায় উপজেলার বিজয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় কেউ উপস্থিত না থাকায় দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি।
গ্রামীণ ব্যাংক মেহের উত্তর শাহরাস্তি শাখার ম্যানেজার মোঃ শাহীন মিয়া জানান, নিহত গোলাম মোস্তফা মনোহরগঞ্জ উপজেলার হাচনাবাদ শাখায় ভিজিট করতে যান। সেখানে ভিজিট শেষে নিজ কর্মস্থল শাহরাস্তি এরিয়া অফিস দোয়াভাঙ্গায় ফেরার পথে বিজয়পুর এলাকায় দুর্ঘটনায় পতিত হন।
এদিকে স্থানীয় লোকজন তাকে পড়ে থাকতে দেখে সেখান থেকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সংবাদ পেয়ে তার মরদেহ থানায় নিয়ে আসে। তার মৃত্যুর সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গ্রামীণ ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীরা থানায় ছুটে আসেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
জানা যায়, নিহত গোলাম মোস্তফা মনোহরগঞ্জ উপজেলার পিপুলাস্বর ইউনিয়নের ঝাউড়া গ্রামের হাজী মোহাম্মদ রুহুল আমিনের ছেলে। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক। পুলিশ জানায়, তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
