
এম আর ফারজানা
—————————–
আগুন দেখি বাবার চোখে
ধূপের মত জ্বলে
একাত্তরের কষ্টের কথা যায় সে কেবল বলে
মনের গলিতে বুকের পলিতে যত ব্যথা জমা
নেয় সে শপথ দেশদ্রোহীদের দেবে নাকো ক্ষমা ।।
আগুন দেখি তরুণের চোখে
রক্তে রাঙ্গা আঁকা
একাত্তরে হারিয়েছে তার সে আপন কাকা
রক্তের ক্ষরণ আপনের মরণ সবকিছু চুড়মার
কাকার লাশ পায়নি তারা পেয়েছিল কিছু হাড় ।।
আগুন দেখি মায়ের চোখে
ধিকিধিকি জ্বলে
সন্তান হারালো একাত্তরে হায়েনার ছোবলে
চোখের জলে শাড়ীর আচলে ঢেকে ছিল তার মুখ
স্বাধীন দেশে পাবে বিচার আশায় বেঁধেছিল বুক।
আগুন দেখি তরুণীর চোখে
বাবা হারানোর শোক
পাথর বুকে চাপা পরে আছে সাগর সমান দুখ।
স্বদেশভূমি বলবে কি তুমি কেন আজ বোমা ফুটে
ইতিহাস বিকৃতি পেতে স্বীকৃতি শকুনেরা কেন ছুটে ?
আগুন দেখি মুক্তিযোদ্ধার চোখে
প্রতিশোধের কথা বলে
দেশের জন্য রাখবে মান যে কোন কৌশলে
প্রিয় মৃত্তিকার জন্মভূমি তার আছে অনেক ঋণ
ভেবেছে সে কথা,করেছে যুদ্ধ দেশ করেছে স্বাধীন।
আগুন দেখি বীরাঙ্গনার চোখে
বারুদের মত জ্বলে
একাত্তরের নির্যাতনের কথা যায়নি সে কভু ভুলে
যুদ্ধের নয়’টা মাস, চাপা দীর্ঘশ্বাস জীবন বয়ে যায়
দেশদ্রোহীদের হবেই বিচার ইতিহাসের থাকে দায়।
———-।
শিরোনাম:
বুধবার , ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
