
হাজীগঞ্জের রামপুর উচ্চ বিদ্যালয়ের ৮ শতাধিক ছাত্রীর মাঝে বিনামূল্যে
স্যানিটারী ন্যাপকিন বিতরণ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া।
সোমবার দুপুরে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর উচ্চ বিদ্যালয়ের
হলরুমে ৭ম শ্রেণী থেকে দশম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রীদের মাঝে এই ন্যাপকিন
বিতরণ করা হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আনিসুর রহমান মজুমদারের সভাপ্রধানে
উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া বলেন, এখনো আমাদের বোনেরা
(ছাত্রীরা) জড়তা থেকে বেরিয়ে আসতে পারেনি। এই তোমরাই একদিন এই দেশের হাল
ধরবে। তোমরা নারী, তোমাদেরকে নিজেদের স্ব্যাস্থ্য নিয়ে ভাবতে হবে। এই ভাবনা
একান্ত তোমাদের জন্য। তোমাদের ভাবনার মধ্যে দেশের ভবিষ্যৎ লুক্কায়িত
রয়েছে। দেশ গঠনে শিক্ষিত মায়ের বিকল্প নেই। সুস্থ ও শিক্ষিত জাতি গঠনে
সুস্থ ও শিক্ষিত মায়ের বিকল্প নেই। সেজন্যে মায়ের সুস্বাস্থ্য ও নিরাপদ
মাতৃত্ব নিশ্চিত করতে হবে। মায়ের সুস্বাস্থ্য, শিক্ষা ও নিরাপদ মাতৃত্ব
নিশ্চিত করতে মেয়েদের (কিশোরী) প্রতি গুরুত্ব দিতে হবে।
এ সময় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন মিকন,
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা একাডেমিক
সুপারভাইজার সুর্নিমল দেউড়ী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন,
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহ আলম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন
আওয়ামী লীগ নেতা আমিন পাটোয়ারীসহ বিদ্যালয় পরিচালনা পর্ষদের অন্য সকল
সদস্যসহ সকল শিক্ষক।
