
চাঁদপুর শহরের পাইকারী প্রধান ব্যবসায়িক এলাকা পুরাণবাজার। এ এলাকার ১নং ওয়ার্ডের তিনটি রাস্তার বেহাল দশা দীর্ঘদিন যাবৎ বিদ্যমান থাকায় জনদুর্ভোগ চরম পর্যায় পেঁৗছেছে। রাস্তাগুলো হচ্ছে পুরাণবাজার রমণীমোহন রোড, যোগীপট্টি ও দক্ষিণবাজার বাকালীপট্টি সড়ক। সবচেয়ে খারাপ অবস্থা বাকালী পট্টির রাস্তাটি। এখানে রাস্তা ও ড্রেনের খুবই ভগ্নদশা বিরাজ করছে। রমণীমোহন রোড ও যোগীপট্টির রাস্তার পিচ ঢালাই পাথর উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এখন বর্ষাকাল। সামান্য বৃষ্টিতে রাস্তাগুলো যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জনগুরুত্বপূর্ণ রাস্তা ও ড্রেন সমস্যা সমাধানে পৌর মেয়রের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী ও ব্যবসায়ীগণ। ছবিতে রাস্তাগুলোর সেই ভঙ্গুর অবস্থা ফুটে উঠেছে।
ছবি ও প্রতিবেদন : মিজানুর রহমান।
