চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নে ধানের শীষের একটি নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। শনিবার গভীর রাতে বহরিয়া শ্রীরামপুর বাঁশতলা জমাদার বাড়ির রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা অভিযোগ করেন, ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে তারা একটি অফিস ঘর বানায়।
ধানের শীষের কোনো কিছু থাকবে না বলে প্রতিপক্ষ দলের ইউনিয়ন ও ওয়ার্ডের নেতারা বিভিন্ন সময় হুমকি-ধমকি এবং ভয়-ভীতি দেখাত। শনিবার রাতে ধানের শীষের নির্বাচনী সেই ক্লাব ঘরের ডেকোরেটর কাপড় ও টেবিলে আগুন দেয়া হয়। এ সময় পোস্টার পুড়িয়ে ফেলা এবং ধানের চারাগুলো তছনছ করা হয়েছে। বিএনপির স্থানীয় নেতা বাশার জমাদার জানান, ঘটনাটি তারা ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক ও ইউনিয়ন নেতৃবৃন্দকে জানিয়েছেন।
