জয়া চৌধুরী
উন্মাদ আগুন জ্বলা শেষ হয়ে গেলে
তোমায় খুঁজে ফিরি
ছাইয়ের গাদার ভেতরে টুকরো টাকরা
নাইকুন্ড যদি মেলে
সযত্নে তুলে আনি হৃদয়ে।
গন্ধরাজের পাপড়ি দিয়ে মুড়ে
ছিটিয়ে দিই একফোঁটা দুফোঁটা ভালোবাসার শিশির কণা।
যে ঘুমন্ত মুখ আমাকে বারবার
সতৃষ্ণ আতুড় করে টেনেছে
তার শিরশিরে ভেজা শুদ্ধতা আমাকে
দরবারীর গম্ভীর বেদনায় বলে চলে
স্থির হও স্থির হও স্থির হও…
যাইনি কোথাও যাইনি কোত্থাও যেতে পারি না আমি
এই তো আছি
চিরকাল অন্তরে তোমার।

