শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত গোল্ড হিল আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।আজ ৩ অক্টোবর সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সামিউল মাসুদ এ অভিযান পরিচালনা করেন।
এ সময় অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়। হোটেলে অসামাজিক কাজ পরিচালিত হওয়ার অভিযোগে ভ্রাম্যমান আদালত হোটেলটি সিলগালা করে দেয়।
এদিকে মৃত আঃ জব্বারের পুত্র হোটেল মালিক জসিম উদ্দিনকে (৩৪) ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪৪ ধারায় ১ বছরের কারাদন্ড দেওয়া হয়। শিহিরচোঁ হাজী বাড়ীর মৃত আঃ ছাত্তারের পুত্র হোটেল ম্যানেজার মোঃ জসিম উদ্দিনকে (৫০) ৩ মাসের কারাদন্ড দেওয়া হয় এবং মৃত ফরিদ উদ্দিনের পুত্র তাদের সহযোগি
দেলোয়ার হোসেনকে (৫৪) ৩ মাসের সাজা দেওয়া হয়। এছাড়া অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে আমুজান গ্রামের প্রবাসী আব্দুল হালিম মুক্তা ওরফে ইউনুসের স্ত্রী দু’সন্তানের জননী সাহিদা বেগম (৩০), আমুজান গ্রামের মুকবুল হোসেনের পুত্র কাউছার আহমেদ (৩০) ও হাজীগঞ্জের বলাখাল গ্রামের মোস্তফা কামালের কন্যা ফাতেমা আক্তার (১৫) কে মুচলেকার মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করে।
অসামাজিক কাজের অপরাধে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার অস্টোদোনা গ্রামের মৃত মোস্তফার ছেলে জাহিদুল ইসলামকে (২৬) ১ মাসের কারাদন্ড ও তার ভাতিজা নওশাদ আহম্মদকে (২৮) ভ্রাম্যমান আদালতে অশোভন আচরণ করায় ১ মাসের সাজা দেওয়া হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে হোটেল মালিক সহ ৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এছাড়া মানবিক দিক বিবেচনাক্রমে ৩ জনকে মুচলেকা দিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) কামাল হোসেন ও সঙ্গীয় ফোর্স।

