
নিজস্ব সংবাদদাতা
শাহরাস্তিতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডি কার্ডের গম আত্মসাতের অভিযোগ উঠেছে। গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় এলাকাবাসী রায়শ্রী দক্ষিণ ইউপি চেয়ারম্যান আঃ ছাত্তারের বিরুদ্ধে ভিজিডি কার্ডের গম আত্মসাতের বিষয়ে স্থানীয় প্রশাসন ও শাহরাস্তি মডেল থানা পুলিশকে অবহিত করলে থানা পুলিশ ইউনিয়ন পরিষদে তল্লাশি চালিয়ে ১ বস্তা গম জব্দ করে নিয়ে আসে।
অভিযোগ সূত্রে প্রকাশ, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদের আওতায় ভিজিডির ৮০ জন গরিব-দুঃস্থ মহিলার জনপ্রতি ৩০ কেজি করে গম বিতরণের নিয়ম থাকলেও তিনি জনপ্রতি ২৪ কেজি করে গম বিতরণ করেন। এতে ৮০ জন দরিদ্র মহিলার উদ্বৃত্ত ২৪শ� ৮০ কেজি গম চেয়ারম্যান আত্মসাৎ করে, বেশ কয়েক বস্তা গম তিনি রাতের আঁধারে বাড়িতে নিয়ে যান বলে স্থানীয় এলাকাবাসী অভিযোগে উল্লেখ করেন। বিষয়টি স্থানীয় খিলা বাজারের লোকের মুখে সমালোচনা ও গুঞ্জন চলতে থাকলে পরদিন স্থানীয় এলাকাবাসী শাহরাস্তি মডেল থানাকে অবহিত করে। ওই দিন শাহরাস্তি মডেল থানার এসআই নূরুন্নবী ও সঙ্গীয় ফোর্স ইউনিয়ন পরিষদে তল্লাশি চালিয়ে ৪৬ কেজি গম উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে স্থানীয় এলাকাবাসীর পক্ষে প্রসন্নপুর গ্রামের মৃত মান্নান পাটওয়ারীর পুত্র কুতুব উদ্দিন সোহাগ বাদী হয়ে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গত ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার লিখিতভাবে অভিযোগ দায়ের করে। স্থানীয় এলাকাবাসী জানায়, রায়শ্রী দক্ষিণ ইউপি চেয়ারম্যান আঃ ছাত্তারের বিরুদ্ধে পূর্বেও সরকারি বরাদ্দকৃত টি.আর, কাবিখা, কাবিটা, ৪০ দিনের কর্মসূচি, নারী কেলেঙ্কারী, অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এছাড়া গত বছরের ১৫ সেপ্টেম্বর ইউনিয়নের ৬ জন ইউপি সদস্য চেয়ারম্যান আঃ ছাত্তারের উপর অনাস্থা জানিয়ে তার অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেন, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে। স্থানীয় এলাকাবাসী ইউপি চেয়ারম্যান আঃ ছাত্তারের এ সকল অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
