মোঃ জামাল হোসেন ॥
স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে এক যুবককে ৯ মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেল ৪টায় শাহরাস্তি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সামিউল মাসুদ সকল স্বাক্ষ্য প্রমানের আলোকে এ রায় প্রদান করেন। জানা যায়, উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ফটিকখিরা গ্রামের খান বাড়ির আব্দরি রহিমের পুত্র মাসুদ আলম (২৩) দেবকরা ড. শহীদুল্লাহ মারগুবা মেমোরিয়াল স্কুলের জেএসসি’র এক পরীক্ষার্থীকে বিভিন্ন সময়- নানা স্থানে উত্যক্ত করার কারণে তার অভিভাবক শাহরাস্তি মডেল থানায় একটি অভিযোগ করলে এসআই আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযুক্ত ব্যক্তিকে তার নিজ বাড়ি থেকে ঘটনার দিন বেলা ১১টায় আটক করে। ওই দিন বিকেলে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ১৮৬০ সালের ৫০৯ ধারায় উক্ত রায় প্রদান করা হয়।

