
রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুরের চিতোষী এলাকায় চলন্ত ট্রেনে শ্বাসরুদ্ধ করে মনির হোসেন (২৫) নামে যুবককে হত্যার অপরাধে সাধন হোসেন কাজী (২৮) কে মৃত্যুদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত। সোমবার দুপুরে চাঁদপুর জেলা ও দায়রা জজ মো. সালেহ উদ্দিন আহমদ এই রায় দেন। সাধন হোসেন হাজীগঞ্জ উপজেলার কাঠালী (দিঘীরপাড়) বেপারী বাড়ীর মৃত বেনু কাজীর ছেলে। নিহত মনির হোসেন পাশ্ববর্তী শাহরাস্তি উপজেলার চিতোষী গ্রামের বেপারী বাড়ীর মৃত নুর মিয়া বেপারীর ছেলে। মামলার বিবরণ থেকে জানাযায়, মনির ও সাধন পূর্ব পরিচিত। কোন কারণে তাদের মধ্যে বিবাধ সৃষ্টি হলে ঘটনার দিন ২০১৩ সালের ৬ ফেব্রুয়ারী সকাল ১১টার দিকে চিতোষী থেকে ট্রেনে চাঁদপুর যাওয়ার পথে সাধন মনির হোসনেক গলাটিপে হত্যা করে পালিয়ে যায়। এই ঘটনার মনির হোসেনকে অজ্ঞাত পরিচয় দেখানো হলেও পরবর্তীতে তার ভাই একমাস পর ছবি দেখে সনাক্ত করে। পরে একই বছর ২৬ মে নিহতের ভাই আমির হোসেন বাদী হয়ে চাঁদপুর রেলওয়ে থানায় সাধন হোসনেকে আসামী কারে মামলা দায়ের করেন। সরকার পক্ষের আইনজীবী (পিপি) এড. আমান উল্যাহ বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর জিআরপি থানার উপ-পরিদর্শক মো. নাজমুস সাকিব ২০১৪ সালের ১৯ জানুয়ারী আদালতে মামলার প্রতিবেদন দাখিল করেন। আদালত দীর্ঘ ৫ বছর ১১জন স্বাক্ষীর মধ্যে ৯জনের স্বাক্ষ্য গ্রহন শেষে সাধন হোসেনকে দোষী সাবস্ত করে প্যানেল কোর্টের ১৮৬০ এর ৩০২ ধারায় মৃত্যুদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেন। আসামী পক্ষের সহকারী আইনজীবী ছিলেন (এপিপি) মোক্তার হোসেন অভি। আসামী পক্ষের আইনজীবী ছিলেন এড. বিধু ভুষন নাথ ও এড. ইকবাল-বিন-বাশার।
