মোঃ আমিনুল ইসলাম ॥
শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের আতাকরা গ্রামে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই মোঃ আলমগীর হোসেন (৪০) আহত হয়েছে। এ বিষয়ে বুধবার শাহরাস্তি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে (জি.ডি নং-৯৬৫, ২৭/০৭/২০১৬)।
ঘটনার বিবরণ ও অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত মুজাম্মেল হকের পুত্র আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করে আসছেন। তার সহদর মোঃ ইসমাইল হোসেনের সাথে পারিবারিক বিভিন্ন বিষয়ে মনোমালিন্য রয়েছে। গত ২৪ জুলাই বেলা ১১ টার সময় বড় ভাই উনকিলা বাজার হতে ব্যক্তিগত কাজ সেরে আসার পথে আনন্দপুর গ্রামের রেলওয়ে ব্রীজের পূর্বপাশে ইসমাইল তার পথরোধ করে গালাগাল শুরু করে। তিনি গালাগাল করতে নিষেধ করলে ইসমাইল ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি মেরে আহত করে। এ সময় রেললাইনের পাথরের আঘাতে তার কপাল ভ্রু সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। বড় ভাইয়ের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে ইসমাইল ঘটনাস্থল ত্যাগ করে বাড়ীতে গিয়ে বসত বিল্ডিংয়ের কাচের জানালা ভাংচুর ও ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। এতে ভীত হয়ে আলমগীর হোসেনের স্ত্রী ও সন্তানরা ডাক-চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ঘটনাস্থলে ভিড় জমায়। ইসমাইল বাড়ীর অন্যান্য লোকজনদের উপর সুযোগ পেলে হামলা এমনকি মেরে ফেলার হুমকী দেয়। এ বিষয়ে বক্তব্য জানার জন্য বুধবার বিকেলে ইসমাইল হোসেনের বাড়ীতে গেলে তাকে পাওয়া যায়নি।
