শাহরাস্তি প্রতিনিধি ॥ শাহরাস্তিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বসতঘরে আগুন দিয়েছে প্রতিপক্ষ। গত বৃহস্পতিবার দিনগত রাত ১ টায় উপজেলার মেহের উত্তর ইউনিয়নের বানিয়া চোঁ গ্রামের মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার বিবরণে ক্ষতিগ্রস্থ পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বাড়ির মৃত ডাঃ আঃ মান্নানের পুত্র জিহাদুল কবিরের স্ত্রী সেলিনা বেগমের সাথে একই বাড়ির খলিলুর রহমানের স্ত্রী শামছুন্নাহার ময়নার সাথে গাছ হতে শিশুদের পেয়ারা পাড়া নিয়ে গত ২৫ জুলাই দুপুরে বাকবিতান্ডা হয়। এ বিষয়টি নালিশের পর্যায়ে গড়ালে স্থানীয় ইউপি সদস্য মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে আগামী ১২ আগস্ট শালিস বৈঠকের সিদ্ধান্ত হয়। ঘটনার দিন রাতে খলিলুর রহমানের ছেলে মোঃ আরিফুল ইসলাম (২৬) ও মোঃ শরিফুল ইসলাম (২২)জিহাদুল করিমের বসতঘরের চারপাশে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। ওই ঘরে ঘুমিয়ে থাকা সেলিনা বেগম তাৎক্ষনিক টের পেয়ে ঘর হতে বেরিয়ে এলে আরিফুল ইসলাম ও শরিফুল ইসলামকে পালিয়ে যেতে দেখে আরিফকে জাপটে ধরে। এ সময় দু’ভাই মিলে সেলিনা বেগমকে বেদম প্রহার করে আহতাবস্থায় রেখে পালিয়ে যায়। জাপটে ধরার কারণে সেলিনা বেগমের হাতে আরিফের গেঞ্জি ছিঁড়ে রয়ে যায়। এলাকার লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ও আহত সেলিনা বেগমকে চিকিৎসার জন্য শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়রা আরিফের ছেঁড়া গেঞ্জি, শরীফের জুতা ও কেরোসিন
রাখার মগ দেখতে পায়। ওই বাড়ির অহিদা বেগম (৭০) ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনি বালতি হাতে নিয়ে আগুন নিভাতে আসেন। আগুন নিভাতে আসা প্রতিবেশী মৃত হাবিব উল্যাহর পুত্র মোঃ আমান উল্যাহ (৪৬) জানান, এ ঘটনায় খলিলুর রহমানের ঘর হতে আগুন নিভানোর জন্য কেউ এগিয়ে না আসার কারন জানতে রাতেই তাদের ঘরে গিয়ে তার পুত্রদ্বয়কে খুব ভীত ও আতংকিত দেখতে পাই। জিহাদুল করিমের ৮ম শ্রেনী ও ১০ম শ্রেনী পড়ুয়া দুই কন্যা জানান, পেয়ারা নিয়ে ঝগড়া হবার পর হতে আরিফুল ও শরীফুল আমাদের ২ বোনকে স্কুলে যাওয়া আসার পথে দেখে নেয়ার হুমকি দিচ্ছে। জিহাদুল করিম জানান, তুচ্ছ ঘটনায় তারা আমার ঘরে আগুন দিয়েছে, আমার মেয়েদের ভয়-ভীতি দেখাচ্ছে। এ বিষয়ে কথা বলার জন্য খলিলুর রহমানের ঘরে গেলে কাউকে পাওয়া যায় নি। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার লোকজন জানান, খলিলুর রহমানের পরিবার ঝগড়াটে ও অসামাজিক প্রকৃতির। ইতোপূর্বে আরিফের বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া ও অশালীন কার্যকলাপের দায়ে শালিস হয়েছে।
শিরোনাম:
সোমবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৪ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
