প্রতিনিধি
শাহরাস্তিতে এসএসসি পরীক্ষার ২য় দিন বাংলা ২য় পত্র পরীক্ষা দিয়েছে ২ ফেব্রুয়ারি কেন্দ্রের সামনে থেকে পুলিশের হাতে আটক হওয়া পরীক্ষার্থী সাগর ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফের নির্দেশে ওই ছাত্রের নিরাপত্তা নিশ্চিতকল্পে উপজেলা পরিষদের ডাক বাংলোতে তার পরীক্ষা দেয়ার ব্যবস্থা করে দেয়া হয়। এদিকে ওই ঘটনায় ইতোমধ্যে অভিযুক্ত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামাল উদ্দীনকে শাহরাস্তি মডেল থানা হতে প্রত্যাহার করে চাঁদপুর পুলিশ লাইনে নেয়া হয়েছে।
প্রসঙ্গত উপজেলার দেবকরা ভূঁইয়া বাড়ির মোস্তফা কামাল ভূঁইয়া ও নূরুল হক ভূঁইয়া পরিবারের মধ্যে গত ১ ফেব্রুয়ারি ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনায় নূরুল হক ভূঁইয়া বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় মোস্তফা কামাল ভূঁইয়াসহ ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যার নং-০১, তাং-০১/০২/১৭। মামলার আতঙ্কে পরীক্ষার্থী সাগর ইসলামসহ বেশ কজন বাড়ি থেকে অন্যত্র সরে পড়ে। পরদিন ২ ফেব্রুয়ারি সাগর বাংলা ১মপত্র পরীক্ষা দিতে আসলে কেন্দ্রের সামনে থেকে এসআই কামাল উদ্দীন তাকে আটক করে থানায় নিয়ে যায়। কিছুক্ষণ পর থানার অফিসার ইনচার্জ তাকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসলেও তার সেদিন আর পরীক্ষা দেয়া সম্ভব হয়নি। তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আশ্রাফ খান কুমিল্লা শিক্ষা বোর্ডের সাথে যোগাযোগ করে সাগরের বাকি পরীক্ষা দেয়া নিশ্চিত করেন। পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে সাগর ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডঃ ইলিয়াছ মিন্টু জানান, ছেলেটি পরীক্ষা দিতে পারায় আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি কৃতজ্ঞ। ছেলেটির ১ম দিনের বাংলা ১ম পত্র পুনঃ পরীক্ষা নেয়ার জন্যে কুমিল্লা শিক্ষা বোর্ডকে বিশেষ বিবেচনার অনুরোধ জানানো হয়েছে।
