
শাহরাস্তি সংবাদদাতা: চাঁদপুরের শাহরাস্তিতে বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করলেন থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান।
রোববার (৫ এপ্রিল) উপজেলার বিভিন্ন স্থানে বিদেশ ফেরতদের বাড়ি গিয়ে তিনি “এই বাড়িতে বিদেশ ফেরত ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে আছেন” শিরোনামে স্টীকার সাঁটিয়ে সংক্রমণ প্রতিরোধে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেন।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিদেশ ফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে তাদের বাড়িতে স্টীকার সাঁটানো হয়েছে। এছাড়া সরকার ঘোষিত লকডাউন মেনে চলা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসাধারণকে সচেতন করতে বিভিন্ন স্থানে থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ এবং উদ্বুদ্ধকরণ কর্মসূচী পালিত হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শাহরাস্তি উপজেলায় মোট ২৬৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২ শ’ ৫০ জন সুস্থ হয়েছেন। হোম আইসোলেশনে রয়েছেন ১০ জন রোগী।
