
শাহরাস্তি প্রতিনিধি ॥ শাহরাস্তিতে হোসেনপুর মানবকল্যাণ সংস্থার উদ্যোগে মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত শনিবার বিকাল ৩ টায় টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গাউছিয়া হাসেমিয়া সুন্নীয়া হাজী সেকান্দর আলী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। হোসেনপুর মানব কল্যাণ সংস্থার সভাপতি মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সহ-সভাপতি মোঃ সাব্বির হোসেনের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর গাউছিয়া সুন্নীয়া হাজী সেকান্দর আলী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী সেকান্দর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহজালাল, মীর হোসেন। সংস্থার সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শত শত ক্রীড়ামোদী দর্শক খেলা উপভোগ করেন।
টুর্নামেন্টে ১৪ টি দল অংশ নেয়। ফাইনাল খেলায় সাব্বির একাদশ মোরশেদ একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন বক্তা মাদক, যৌতুক, বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
