মোঃ জামাল হোসেন ॥ শাহরাস্তির কৃতি সন্তান, বিশিষ্ট চলচিত্র পরিচালক, প্রযোজক, শিল্প নির্দেশক, চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের প্রাক্তন সভাপতি শরফুদ্দীন ভূইয়া (৭৫) গত শনিবার রাত সাড়ে ১২ টায় ঢাকার ফার্মগেইটের তেজকুনীপাড়ার নিজ বাস ভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ………… রাজিউন)। তিনি স্ত্রী, ৫ পুত্র, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল রবিবার ভোরে ঢাকার তেজগাঁও সরকারি মহিলা কলেজ মাঠে প্রথম জানাজা ও বেলা ৩ টায় উপজেলার চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে হাড়াইরপাড়া ভূইয়া বাড়ীর পারিবারিক গোরস্থানে তার লাঁশ দাফন করা হয়। জানাজায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল মজুমদার, সূচীপাড়া উত্তর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মজিবুর রহমান মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেদোয়ান হোসেন সেন্টু, মরহুমের ছোট ভাই নিজাম উদ্দিন ভূইয়া, মেজো ছেলে মজিবুর রহমান ভূইয়া (পিন্টু), আওয়ামী লীগ নেতা বাকি বিল্লাহ, মোশারফ হোসেন মুশু, হাফেজ নাজির আহমেদ প্রমুখ সহ জানাজায় শত শত লোক জানাজায় অংশ নেয়।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ১৯৭২ সালে বাংলা চলচিত্রের সাথে জড়িত হন। তিনি একাধারে চলচিত্র পরিচালক, প্রযোজক ও শিল্প নির্দেশকের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৭ সালে শিল্প নির্দেশক হিসেবে “হারানো সুর” ছবির জন্য জাতীয় চলচিত্র পুরস্কার লাভ করেন। তিনি দীর্ঘ ২০ বৎসর যাবৎ চলচিত্র এসোসিয়েশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

