
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় নিখোঁজের একদিন পর মৌসুমী এক চামড়া ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার গঙ্গারামপুর গ্রামের ধানক্ষেতের আইল থেকে বেলায়েত হোসেন রিপন (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে শাহরাস্তি থানা পুলিশ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গলায় কোন কিছু দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। হত্যার পর তার মুঠোফোন নিয়ে গেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ঈদে শ্বশুরবাড়ি থেকে বেড়াতে আসা আত্মীয়-স্বজনদের বিদায় দিতে পাশের যাদবপুর বাজারে যান বেলায়েত হোসেন রিপন। রাত ৮টায় বাড়ি না ফেরায় স্ত্রী কুলসুমা বেগম তার মুঠোফোনে ফোন করে। দুইবার কল দেওয়ার পর তার মোবাইলটি বন্ধ পান।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, আজ শুক্রবার দুপুরে বাড়ির কাছের এক নারী ছাগল চড়াতে গিয়ে রিপনের লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
নিহতের স্ত্রী কুলসুমা বেগম জানান, তার স্বামী মূলত কৃষি কাজ করতেন। এবারই প্রথম কোরবানির পশুর চামড়া কেনার ব্যবসা শুরু করেন।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায় জানান, কি কারণে হত্যার ঘটনাটি ঘটেছে- তা অনুসন্ধানে পুলিশ মাঠে নেমেছে। একই সঙ্গে নিহতের কাছ থেকে নিয়ে যাওয়া মুঠোফোন বন্ধ থাকলেও তার অবস্থান নিশ্চিত হতে এরইমধ্যে তথ্যপ্রযুক্তি ব্যবহার শুরু করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
