
রফিকুল ইসলাম বাবু :
চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার নির্বাচনে শান্তিপুর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে। পৌরসভার ১২টি কেন্দ্র সকাল থেকে দেখা গেছে ভোটারদের উপছে পড়া ভিড়। নির্বাচনে ২৬ হাজার ৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদিকে নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন অফিস। জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে ২শ’ ৫৫ জন পুলিশ সদস্য, এক প্লাটুন বিজিবি, র্যাবের ৩টি টিমসহ ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্বে নিয়োজিত থাকবেন। এছাড়াও স্থানীয় সরকার চাঁদপুর জেলার উপ-পরিচালকসহ নির্বাচন সংশ্লিষ্ঠ কর্মকর্তাগন ও ১৩ জন করে আনসার সদস্য প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করবেন।নির্বাচনে মোট ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে মেয়র পদে ২ জন, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদে ১১ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৪৯ জন।
