
শাহারাস্তি প্রতিনিধি
শাহ্রাস্তিতে কামরুন্নাহার (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। গত ২৯ নভেম্বর রাত সাড়ে ৮টায় উপজেলার মেহের উত্তর ইউনিয়নের বরুলিয়া গ্রামের নতুন বাড়িতে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানায়, কামরুন্নাহার ও তার স্বামী হারুনুর রশিদ নতুন বাড়ির মফিজের ঘরে ২ মাস যাবৎ ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। প্রেম সংক্রান্ত কারণে কিছুদিন পূর্বে উভয় পরিবারের অসম্মতিতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের সম্পর্কটি উভয় পরিবারের সদস্যরা মেনে না নেয়ায় তারা বাধ্য হয়ে ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে। ঘটনার রাতে ওই গৃহবধূর স্বামী বাজার থেকে কেনাকাটা করে রাত ৯টায় বাড়িতে আসে এবং তার স্ত্রীকে ঘরের দরজা খোলার জন্য ডাক দেয়। কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে ভেলকি দিয়ে ঘরে প্রবেশ করে দেখতে পায় তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তখন তার ডাক-চিৎকারে বাড়ি ও পার্শ্ববর্তী লোকজন ছুটে আসে। স্থানীয়রা শাহ্রাস্তি মডেল থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারসহ গৃহবধূর স্বামীকে আটক করে থানায় নিয়ে আসে। গতকাল ৩০ নভেম্বর রোববার পুলিশ ময়না তদন্তের জন্য লাশ চাঁদপুর মর্গে প্রেরণ করেছে। এ বিষয়ে শাহ্রাস্তি মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।
প্রসঙ্গতঃ শাহ্রাস্তি পৌরসভার ৩নং ওয়ার্ডের সুয়াপাড়া গ্রামের ফজলুল হকের কন্যা গৃহবধূ কামরুন্নাহার। তার স্বামী হারুনুর রশিদের বাড়ি লাকসাম উপজেলার মুদাফ্ফরগঞ্জের নগরপাড়া গ্রামে।
