স্টাফ রিপোর্টার:॥
চাঁদপুরে আবারো সক্রিয় হয়ে ওঠেছে মোটর সাইকেল চোর চক্ররা। প্রশাসনের কড়া নজরদারীতে বেশ কিছুদিন এই চক্রের কার্যক্রম কিছুটা কম থাকলেও হঠাৎ আবার মাথা চাড়া দিয়ে ওঠেছে তারা। আজ দিনে দুপুরে চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে মটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। ক্লোজ সার্কিট ক্যামেরায় চোর সনাক্ত হলেও মুখমন্ডল চেনা না যাওয়ায় মটর সাইকেল উদ্ধারে বেগ পেতে হচ্ছে পুলিশ বাহিনীকে। জানা যায়, আজ দুপুর ১১টায় হাইমচর উপজেলার কাটাখালী গ্রামের রহুল আমীন পাটওয়ারী ছেলে মহসিন পাটওয়ারী (৩০) অসুস্থ ফুফা আবুল হোসেনকে দেখতে পালসার ১৫০ সিসি মটরসাইকেল যোগে চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আসে। হাসপাতালের সামনে সরকারী ন্যায্যমূল্যের ঔষধের দোকানের পাশে মোটর সাইকেলটি রেখে অসুস্থ আত্বীয়কে দেখতে হাসপাতালের ৩য় তলায় ওঠে। ১০ মিনিট পর নিচে এসে দেখে রেখে যাওয়া স্থানে মোটর সাইকেলটি নেই। গাড়ির মালিক মহসিন পাটওয়ারী পাগলের মতো মোটর সাইকেল খুজতে দিক বেদিক ছুটাছুটি করেও মোটরসাইকেলটির সন্ধান মেলেনি। এদিকে মোটর সাইকেল চুরির ঘটনায় অভিযোগ পেয়ে নতুন বাজার পুলিশ ফাঁড়ির এটিএসআই সুদর্ষন কুঁড়ি ঘটনাস্থলে গিয়ে সরকারী ন্যায্যমূল্যের ঔষধের দোকানের ক্লোজ সার্কিট ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে। ফুটেজে সাদা-লাল ষ্টেপের সার্ট পড়া এক যুবক মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা যায়। কিন্তু ফুটেজে মুখমন্ডল চেনা না যাওয়ায় চোর সনাক্ত করা যায়নি বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে। মোটর সাইকেল চুরির ঘটনায় গাড়ির মালিক মহসিন পাটওয়ারী চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে।
এদিকে প্রতিদিনই শহরের বিভিন্ন পয়েন্ট থেকে মোটর সাইকেল চুরির ঘটনা ঘটছে। এই চক্র অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে যে কোন লক খুলে চুরির ঘটনা সংঘটিত করে মতলব,বাগাদী ও হরিনা ফেরীঘাট দিয়ে চোরাইকৃত মোটর সাইকেল গুলো অন্য জেলায় পাচার হয়ে যাচ্ছে। এ ব্যপারে পুলিশ প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।

