
যেসব কর্মকর্তা-কর্মচারীর নামে সরকারি বাসা বরাদ্দ রয়েছে, সেই বাসায় না থাকলেও তাদের বেতন থেকে ভাড়া কেটে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেছেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যাদের নামে সরকারি বাসা বরাদ্দ হবে, তাদেরকে ওই বাসায় থাকতে হবে। বরাদ্দকৃত বাসায় না থাকলে বাসাভাড়া বাবদ যে ভাতা পাওয়ার, সেটা পাবেন না।’
একনেকের বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দিয়েছেন বলে পরিকল্পনা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আসাদুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন।
সচিব মো. আসাদুল ইসলাম বলেন, ‘বৈঠকে “রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন’ শীর্ষক একটি প্রকল্প অনুমোদনকালে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে তিনি (প্রধানমন্ত্রী) সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।’
প্রধানমন্ত্রী গণভবন থেকে শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় যুক্ত হন। অন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা এনইসিতে ছিলেন।
প্রধানমন্ত্রী বৈঠকে নির্দেশ দিয়েছেন, ‘এলজিইডি, ওয়াপদা ও সড়ক বিভাগ তাদের রেইট শিডিউল পরিবর্তন করেন। অনেকবারই এরকম পরিবর্তন করার কারণে প্রকল্পের ব্যয় অনেক বেড়ে যায়। কোনো প্রকল্পের প্রস্তাব এলে শিডিউল অর্থ মন্ত্রণালয়ের অনুমোদিত কি না, তা খতিয়ে দেখতে হবে পরিকল্পনা কমিশনকে।’
বড় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একটি করে মাস্টারপ্ল্যান করার নির্দেশও প্রধানমন্ত্রী দিয়েছেন বলে জানান সচিব আসাদুল। প্রধানমন্ত্রী বলেছেন, ‘ক্যাম্পাসের যেখানে সেখানে যেন অপরিকল্পিতভাবে ভবন তৈরি না করে বা খেলার মাঠ নষ্ট করে। এজন্য সকল শিক্ষাপ্রতিষ্ঠানে একটি করে মাস্টারপ্ল্যান তৈরি করতে হবে।’
এ ছাড়া প্রধানমন্ত্রী বলেন, ‘যেহেতু আমরা প্রত্যেক উপজেলায় মিনি স্টেডিয়ামসহ অনেক স্থাপনা তৈরি করছি। তাই ওই মাস্টারপ্ল্যানে কোথায় কী হবে, তা যেন সন্নিবেশিত থাকে।’
