বিনোদন প্রতিবেদক: কবি ও নির্মাতা কামরুজ্জামান কামুর বহুল আলোচিত চলচ্চিত্র ‘দি ডিরেক্টর’ আটকে দিলো সেন্সর বোর্ড। গত ১১ ফেব্রুয়ারি সেন্সর ছাড়পত্রের জন্য নির্মাতা ছবিটি জমা দেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে। ২৫ ফেব্রুয়ারি সেন্সর বোর্ড ছবিটি দেখে। এবং এক লিখিত চিঠির মাধ্যমে পরিচালককে জানানো হয় ছবিটি প্রদর্শনের উপযোগী নয়।
সেন্সর বোর্ডের চিঠিতে বলা হয়, পরীক্ষান্তে দেখা যায় যে, চলচ্চিত্রটিতে মূল কাহিনী অপর্যাপ্ত, এতে অশ্লীল সংলাপের ব্যবহার রয়েছে, একটি সাংস্কৃতিক পেশার গোষ্ঠিকে হেয়ভাবে উপস্থাপন করা হয়েছে, চলচ্চিত্র শিল্পের প্রতি সাধারণ মানুষের ঘৃণা জন্মায় এমনভাবে কাহিনী চিত্রায়ন, আগ্নোয়াস্ত্রের যথেচ্ছ ব্যবহার আছে এতে, নির্বিকারে মানুষ হত্যা, আইনহীনতা ও লাম্পট্য জীবন যাপনকে স্বাভাবিক ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়েছে।
এ বিষয়ে নির্মাতা কামরুজ্জামান কামু বলেন ‘আমি চিঠি পেয়ে অবাক হয়েছি। চিঠিতে আমার ছবির ক্ষেত্রে যে অভিযোগগুলো আনা হয়েছে তা আসলে সঠিক না। এটা সত্যিই হতাশাজনক একটা বিষয় আমাদের নতুন সময়ের সিনেমার জন্য। আমি সেন্সর বোর্ডের চিঠির পেক্ষিতে আপিল করার সিদ্বান্ত নিয়েছি। খুব শিগগিরই আপিল করবো।’
‘দি ডিরেক্টর’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, পপি, মারজুক রাসেল, নাফা, কচি খন্দকার, তারেক মাহমুদ, মোশাররফ করিম, সুইটি, নাফিজা, বাপ্পি আশরাফ , কামরুজ্জামান কামু প্রমূখ।
