চাঁদপুর : সাভারে ভবন ধসের ১০ দিন পর অন্য লাশের সঙ্গে হতভাগী সেলিনা আক্তারের লাশের সন্ধান মিলেছে। শনিবার সকালে ধসেপড়া রানা প্লাজার সপ্তম তলার ভেঙে পড়া অংশ থেকে বিকৃত হয়ে যাওয়া সেলিনা আক্তারের লাশটি উদ্ধার করা হয়। পরে আনুষ্ঠানিকতা শেষে চাঁদপুরের ফরিদগঞ্জে গ্রামের বাড়িতে দাফনের জন্য নিয়ে আসা হয়।
নিহত সেলিনা আক্তারের ভগি্নপতি নান্নু মিয়াজী জানান, শনিবার সকালে সাভার অধরচন্দ্র স্কুল মাঠ থেকে তার শ্যালিকার লাশটি গ্রহণ করেন খালা হোসনে আরা ও ছোট বোন আকলিমা আক্তার। দুপুর ২টায় ফরিদগঞ্জের উপাদী গ্রামে সেলিনার লাশ নিয়ে আসা হয়। বিকাল ৩টায় জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তার লাশ দাফন করা হয়।
ছোট বোন আকলিমাসহ সেলিনা বিধবা মায়ের মুখে হাঁসি ফোটাতে কাজের সন্ধানে সাভার গিয়েছিলেন। কাজ নিয়েছিলেন রানা প্লাজার একটি পোশাক কারখানায়। রানা প্লাজা ধসের প্রথম দিনই ছোট বোন আকলিমা আক্তারকে উদ্ধারকর্মীরা উদ্ধার করেন। আর ১০ দিন পর বড় বোন সেলিনা আক্তার লাশ হয়ে বাড়ি ফিরলেন। তারা চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার উপাদী গ্রামের বেপারী বাড়ির মৃত সিরাজুল ইসলামের মেয়ে।
শিরোনাম:
মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
