মতলব প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের এখলাছপুর আবাসন প্রকল্পে স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জের ধরে শনিবার খাদিজা আক্তার (১৮) নামে এক যুবতী নিজের শরীরে আগুণ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এতে তার শরীরের পুরো অংশ জ্বলসে যায়। তাকে আশংকাজনক অবস্থায় রাতে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে খাদিজা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ এণ্ড হাসপাতালে নেয়া হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার বিকেলে এখলাছপুর আবাসন প্রকল্পের খোকন পাটোয়ারীর মেয়ে খাদিজা আক্তার ও তার স্বামী কাজল এর মধ্যে পারিবারিক ঝগড়া বিবাদ হয়। এরপর খাদিজা আক্তারের স্বামী কাজল নদীতে মাছ ধরতে চলে গেলে বাড়ীতে কেউ না থাকায় ঘরের দরজা বন্ধ করে শরীরে কেরোসিন ঢেলে আগুণ ধরিয়ে দেয়। এতে তার পুরো শরীরে আগুণ ধরে যায়। আশপাশের লোকজন খাদিজা আক্তারের চিৎকার শুনে ও আগুণের শিখা দেখে দ্রুত ছুটে এসে দরজা ভেঙ্গে ঘরে ডুকে খাদিজাকে রক্ষা করতে পানি ঢালে। ততক্ষণে খাদিজার সমস- শরীর আগুণে জ্বলসে যায়। পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় রাতেই ট্রলারযোগে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, একই ইউনিয়নের হাশিমপুর বকুল গাছতলার নান্নু মিয়ার ছেলে কাজলের সাথে দীর্ঘ ৩/৪ মাস পূর্বে খাদিজার আক্তারের প্রেমের সম্পর্কে গোপনে বিবাহ হয়। বিয়ের পর থেকেই খাদিজা আক্তার তার বাপের বাড়ীতে অবস্থান করছে।
