আবহাওয়ার পারদ নিচের দিকে নামতেই চারদিকে ছড়িয়ে পড়ছে শীতজনিত রোগ। শুষ্কতার কারণে বাতাসে বাড়ছে ধুলার পরিমাণ। এর ফলে শীতবাহিত রোগ জ্বর, কাশি, নিউমোনিয়ার সঙ্গে অ্যাজমা এবং হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এতে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু এবং বৃদ্ধরা।
চিকিৎসকরা জানান, রাজধানীতে শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ক্রনিক ব্রংকাইটিস, অ্যাজমা রোগীর সংখ্যা বাড়ছে। অনেকেই আসছে জ্বর এবং গলা ব্যথা নিয়ে। এর মধ্যে শিশুদের একটি বড় অংশ রয়েছে। ডিসেম্বরের শীতে হৃদরোগে আক্রান্তদের সংখ্যাও বাড়ছে। তারা জানান, শীতে বাতাস চলাচল কমে যাওয়ার জেরে গুমোট পরিবেশ তৈরি হয়। ঢাকায় বায়ুদূষণের মাত্রা বাড়ছে। ফলে, শ্বাসকষ্টজনিত সমস্যা আরও বেড়েছে। নাক বন্ধ হয়ে যাওয়া, শুকনো কাশির সমস্যায় অনেকেই ভুগছেন। তার উপরে বৃষ্টির জেরে হাঁপানি রোগীদের সমস্যা বাড়ছে। কম বয়সীদের মধ্যেও বিপুল হারে শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়ছে, যা উদ্বেগজনক বলে মনে করছেন চিকিৎসকরা।
