ফরিদগঞ্জ: ১৮ দলের ডাকা হরতালে ফরিদগঞ্জ ছিল সম্পূর্ণ অচল। হরতাল চলাকালে চাঁদপুর-ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর সড়কের প্রায় ১৫কিলোমিটার জুড়ে গাছের গুড়ি, গাছ, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে বিক্ষুদ্ধ বিএনপি’র নেতাকর্মীরা। সকাল ১০টায় সরকার দলের চিহ্নিত কতিপয় মাস্তানরা ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার কামিল ২য় বর্ষের ছাত্র মো: কায়সার হামিদকে মাদ্রাসার নিচ থেকে ধরে দলিল লেখক সমিতির পিছনে নিয়ে নির্মমভাবে পিটিয়ে আহত করে থানা পুলিশে দিয়েছে।
এ দিকে হরতাল চলাকালে ফরিদগঞ্জ থেকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা সহ দুরপাল্লার কোন গাড়ি ছেড়ে যায়নি। অফিস-আদালত, ব্যাংক-বীমা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লোকজনের উপস্থিতি ছিল কম। ভোর সকাল থেকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জেলার স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক প্রবীণ নেতা জয়নাল আবেদিনের নেতৃত্বে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ব্যাপক পিকেটিং করতে দেখা গিয়েছে।
