
রফিকুল ইসলাম বাবু ।
চাঁদপুরের হাইমচরের নীলকমল উছমানিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে মানবসেতু পার হওয়ায় এলাকার ক্ষিপ্ত জনগণ মানববন্ধন করেছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আলগী বাজার এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন হাইমচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়া পেদা ও আলগী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আবদুল জলিল মাস্টার। মানববন্ধনের পূর্বে ক্ষুব্ধ জনগণ আওয়ামীলীগ কার্যলয়ের আসবাবপত্র ভাংচুর করে। প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের পূর্বে নূর হোসেন পাটওয়ারী ও শাহজাহান মিয়া ও আবদুল জলিল মাস্টারের সমর্থকরা ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। এসময় দুই পক্ষই ইটপাটকেল ছোড়ে। এঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায় নি। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় শিশু নির্যাতন আইনের ৭০ধারায় পাঁচজনকে আসামী করে একটি মামলা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি।
