প্রতিনিধিঃ:
চাঁদপুরের হাইমচর উপজেলায় মাদক ব্যবসায়ীকে আটক করতে গিয়ে তাদের হামলায় ৪ পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় প্রধান আসামী কানা জসিমসহ ৫জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দিনগত রাতে হাইমচর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করে। আহত পুলিশ সদস্যরা এখনও হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উল্লাহ জানান, মধ্যরাত পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা কানা জসিম, উত্তর আলগী গ্রামের ছাত্তার ছৈয়ালের ছেলে হোসেন ছৈয়াল , বাদশা মাঝির ছেলে হিরন, নয়ানী গ্রামের মাদক ব্যবসায়ী যুবলীগ নেতা মজিব খান ও কানা জসিমের চাচাত ভাই সালাম ভুঁইয়ার ছেলে মিন্টুকে আটক করেছে। ঘটনার সাথে জড়িত বাকীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। চাঁদপুর থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, ১৭ আগষ্ট দিন গত রাত ১২ টার দিকে উপজেলা সদর আলগী বাজারে তেলির মোড় এলাকায় পুলিশ ২জনকে ৬পিচ ইয়াবাসহ আটক করে। তাদের তথ্যের ভিত্তিতে পুলিশ ইয়াবা ব্যবসায়ী কানা জসিমকে আটক করতে গেলে হাতকড়াসহ তাকে সহযোগিরা ছিনিয়ে নেয় এবং পুলিশের উপর হামলা চালিয়ে আহত করে।

