হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামে উত্তর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মৃত সালেহ আহম্মদ বেপারীর বড় ছেলে ও মাদক সম্রাট মোঃ জাহাঙ্গীর হোসেন ঝিকুর ভাই চিহ্নিত মাদক সম্রাট ছানা উল্লাকে এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের বিশেষ অভিযানে গত রোববার আটক করা হয়। আটককৃত ছানা উল্লাকে মাদকদ্রব্য সংক্রান্ত আইনে চাঁদপুর কোর্টে প্রেরণ করা হয়। মাদক বিক্রি করে রাতারাতি যেন সে আঙ্গুল ফুলে কলা গাছ। মাদক বিক্রয় করে তারা দু সহোদর ভাই এলাকায় বহু অর্থ সম্পদ ও দোকানপাটের মালিক হয়েছে। টাকার অহঙ্কারে মাটিতে পা পড়ছে না এমন বহু অভিযোগ রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ছানাউল্লা ও তার ছোট ভাই আরেক মাদক সম্রাট জাহাঙ্গীর হোসেন ওরফে ঝিকু দীর্ঘদিন যাবৎ এলাকার যুব সমাজকে ধ্বংস করার লক্ষ্যে ইয়াবা, গাঁজাসহ নানান মাদকদ্রব্য বিক্রি ও সেবন করে আসছে। এলাকার লোকজন তার প্রতিবাদ করতে গেলে ছানা উল্লা ও জাহাঙ্গীর সাধারণ মানুষকে প্রকাশ্যে মারার হুমকি-ধমকি দেয়, গাল-মন্দ করে ও ওপেন অস্ত্র নিয়ে ভয় দেখায়। তাদের ভয়ে এলাকার জনগণ রীতিমত নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের অত্যাচারে পার্শ্ববর্তী মসজিদের মুসলি্লদের নামাজ ও ইবাদতের ব্যাঘাত ঘটে। তারই আপন খালু বাসু বরকান্দাজ তাদের বিরুদ্ধে হাইমচর থানায় একটি লিখিত অভিযোগ করেন বলে তিনি জানান।
অভিযোগকারী বাসু জানান, আমি তাদের অপকর্মের প্রতিবাদ করলে নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে আমাকে ছানাউল্লা মারার জন্য হামলা চালায়। স্থানীয় তাজুল ইসলামের ছেলে মিজান জানান, আমরা তাদেরকে এগুলো ছেড়ে দেয়ার জন্য বললে আমাকে মারার জন্য দা নিয়ে এগিয়ে আসে এবং গলায় আঘাত হানতে চেষ্টা চালায়।
মামলার তদন্ত কর্মকর্তা সফর উদ্দিন জানান, ছানাউল্লাকে মাদকদ্রব্য আইনে আটক করা হয়।
