শওকত আলী
জেলার হাজীগঞ্জ উপজেলা ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এসব সরঞ্জাম উপজেলার ৬ নং বড়কুল ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামের জাপানী দুলাল পাটওয়ারীর ছাড়া বাড়ী থেকে উদ্ধার করা হয়।
স্থানীয় মুন্সী বাড়ীর বাসিন্দা আবদুল কাদেরের স্ত্রী মমতাজ বেগম ছাগল চরাতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও ককটেল তৈরির জর্দার কৌটাসহ বিভিন্ন সরঞ্জাম দেখতে পায়। খবরটি ছড়িয়ে পড়লে হাজীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক আল-আমিন ঘটনাস্থল থেকে ওইসব সরঞ্জাম উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা আহসান হাবিব বলেন, সম্প্রতি বঙ্গবন্ধুর খুনি ফাঁসির দন্ডপ্রাপ্ত রাশেদ চৌধুরীর ক্রোক করা ১.১৫ একর সম্পত্তির উপর গুচ্ছ গ্রাম তৈরি করার ঘোষণা দিয়েছিলেন জেলা প্রশাসক আবদুস সবুর মন্ডল। তারই সূত্রধরে যে কোন নাশকতার পরিকল্পনা হতে পারে বলে দাবি করেন তিনি। তিনি ধারণা করে আরো বলেন, নাশকতাকারীরা হয়তো নিরাপদে এই ছাড়া বাড়ীতে অনেক ককটেল তৈরি করে নিয়ে যাওয়ার পর অবশিষ্ট রয়ে গেছে।
হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া কয়েকটি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম থানার জব্দ তালিকায় দেখানো হবে।
