চাঁদপুর সংবাদদাতা ॥ চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে ফারিয়া (২) ও পৌরসভার ১নম্বর ওয়ার্ড ও বলাখাল এলাকায় হৃদয় (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ মে) সকাল ১১টা বড়কুল গ্রামে ও দুপুর ১২টায় পৌর এলাকার বলাখাল জে এন উচ্চ বিদ্যালয় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হৃদয় বলাখাল মিজি বাড়ীর বাদশা মিজির ছেলে এবং ফারিয়া বড়কুল গ্রামের মো. মাসুদ আলমের কন্যা।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক চিকিৎসক ডাঃ মো. আউয়াল মজুমদার নিহত শিশুদের পরিবারের বরাত দিয়ে বলেন, পরিবারের লোকজন কাজে ব্যস্ত ছিলেন। এরই মধ্যে ফারিয়া নিজেদের ঘরের সামনের পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।
হৃদয় সকালে বাড়ী থেকে বের হয়ে বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। হাজীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলী নুর মোহাম্মদ বরিশর আহম্মেদ উভয় শিশু মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেন।
