স্টাফ রিপোর্টার: চাঁদপুরের হাজীগঞ্জে পানিতে ডুবে আকিব ও তানিশা নামে সাড়ে চার বছরের ২ শিশুর করুন মৃত্যু হয়েছে। রবিবার উপজেলার ৫নং সদর ইউনিয়নের বাড্ডা গ্রামের পাটওয়ারী বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।
নিহত আকিব পাটওয়ারী ওই বাড়ির মো. কামরুল পাটওয়ারীর একমাত্র ছেলে এবং তানিশা আক্তার একই বাড়ির কামরুল পাটওয়ারীর বোন কুসুম ও কচুয়া উপজেলার হাসিমপুর গ্রামের বক্তার গাজী বাড়ির দিদারুল ইসলামের দ্বিতীয় মেয়ে। নিহতরা আপন মামাতো ও ফুফাতো ভাই বোন।
এলাকা সূত্রে জানা যায়, রবিবার দুপুরে আকিব ও তানিশা খেলতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের প্রায় এক ঘন্টা পর ওই বাড়ির দিঘীতে (পুকুর) তাদের লাশ ভেসে উঠলে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের চাচা সুজন পাটওয়ারী জানায়, আকিব পাটওয়ারী আমার একমাত্র ভাতিজা আর তানিশা বোনের বড় মেয়ে। গত সোমবার বোন কুসুম আক্তার তার দুই মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে এসেছিলো। পানিতে ডুবে ভাতিজা ও ভাগনি একসাথে মারা যায়।
এ দিকে দুই ভাই-বোনের একত্রে পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় নিহতদের বাড়িতে আত্মীয়-স্বজনসহ হাজার হাজার উৎসুক জনতার ভিড় জমে। এ সময় নিহতদের পরিবারের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠে এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুই ভাই-বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদুল ইসলাম।
শিরোনাম:
বুধবার , ৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৫ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
