হাজীগঞ্জ : চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার হাজীগঞ্জ বাজারের টাওয়ার মার্কেট এলাকায় সুইপারদের দু’পক্ষের মধ্যে সংর্ঘষের ঘটনায় জীবন জমাদ্দার (৪৫) নামে এক সুইপার নিহত হয়েছেন এবং পাঁচজন আহত হয়েছেন।
শনিবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। জীবন জমাদ্দার ওই এলাকার মৃত. রাম প্রসাদের ছেলে। তবে সংঘর্ষে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
এদিকে, এ ঘটনায় রাদেশ শ্যাম (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, টাকা পাওয়াকে কেন্দ্র করে বিকেলে জীবন জমাদ্দারের সঙ্গে রাদেশ শ্যাম জমাদ্দারের কথা কাটাকাটি হয়। এর জের ধরে উভয় পরিবারের লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
এ সময় রাদেশ শ্যাম তার হাতে থাকা ধারালো ছুড়ি দিয়ে জীবন জমাদ্দারকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেন জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
