হাজীগঞ্জে গাড়ির ধাক্কায় মেহেদী হাসান বাবুল (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী নাজমুল হক (২৫) গুরুতর আহত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জস্থ চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১-এর অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের বলশিদ গ্রামের ভূঁইয়া বাড়ির বতু মিয়ার ছেলে। গুরুতর আহত নাজমুল হক একই উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের রাঢ়া গ্রামের লিটন মিয়ার ছেলে। খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রমিজ উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন।
স্থানীয়দের সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১-এর সদর দপ্তরের সামনে একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সড়ক থেকে ছিটকে পড়ে মোটরসাইকেল চালক মেহেদী হাসান বাবুল ও নাজমুল হক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে গেলে কর্মরত চিকিৎসক বাবুলকে মৃত ঘোষণা করেন এবং নাজমুল হককে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এদিকে মোটরসাইকেলটিকে বালুবাহী ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায় এবং ট্রাকটিকে কচুয়া উপজেলার জগতপুর নামক স্থান থেকে আটক করা হয়েছে এমন একটি কথা হাসপাতাল এলাকায় চাউর হয়। তবে এর সত্যতা কেউ নিশ্চিত করতে পারেনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ আনোয়ারুল আজিম জানান, মেহেদী হাসান বাবুলকে হাসপাতালে মৃত অবস্থায় পেয়েছি। আহত নাজমুল হককে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন রনি বলেন, নিহত মেহেদী হাসান বাবুলের মরদেহ সুরতহাল রিপোর্ট শেষে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেয়া হচ্ছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
