প্রতিনিধি
গতকাল রোববার বিকেলে হাজীগঞ্জে ৪ গাঁজাসেবীকে বিভিন্ন মেয়াদে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এর আগে এদিন দুপুরে এদেরকে হাজীগঞ্জ থানা পুলিশ হাজীগঞ্জ পৌর এলাকার ধেররা বিলওয়াই বিল্লালের ছাগলের খামারে গাঁজা সেবনকালে হাতেনাতে আটক করে।
সাজাপ্রাপ্তরা হলো উপজেলার সুদিয়া গ্রামের বিল্লাল হোসেন (৪৮) ৬ মাস, একই উপজেলার ধেররা এলাকার নুরুল ইসলাম (৩৮) ৬ মাস ও ধেররা এলাকার মমিনুল হক(৪২) ১ বছর এবং চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের বড় সুন্দর গ্রামের দেলোয়ার হোসেন (৩৬) ৬ মাস।
থানা সূত্রে জানা যায়, আটককৃতরা স্থানীয়ভাবে ঐ এলাকায় দীর্ঘদিন গাঁজা বিক্রি ও সেবনের সাথে জড়িত ছিলো। আর এদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়ে। যার কারণে অভিযান চালিয়ে আটক করা হয়।্
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহআলম চাঁদপুর কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এটিএম কাউসার হোসেন জানান, এদের বিরুদ্ধে মাদক গ্রহণ ও বহনের প্রমাণ পাওয়া গেছে।
