প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মেসার্স রকিবুল ব্রিক ফিল্ড থেকে নিখোঁজের ১২ দিন অতিবাহিত হলেও খোঁজ মিলেনি শ্রমিক কবির হোসেনের (২০)।
সে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার আবু তালেবের বড় ছেলে।
কবির হোসেনের বাবা আবু তালেব ছেলে কবির হোসেনকে হন্য হয়ে ১২ দিন ধরে খুঁজে বেড়াচ্ছেন। গত ২৩ এপ্রিল হাজীগঞ্জ পৌরসভাধীন আলীগঞ্জ এলাকায় অবস্থিত মেসার্স রকিবুল ব্রিক ফিল্ড থেকে নিখোঁজ হয় কবির।
এ ঘটনায় লেবার সর্দার আবদুল জব্বার তপদার ২৪ এপ্রিল হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরি নং-১০৪৬।
থানার জিডি সূত্রে জানা গেছে, এপ্রিল মাসের প্রথম দিকে কবির হোসেন এলাকার ক’জন শ্রমিকের সাথে ব্রিক ফিল্ডে মাটি কাটার কাজ করতে আসে। সেখান থেকে ২৩ এপ্রিল কবির নিখোঁজ হয়। এরপর থেকে অদ্যাবধি তার সন্ধান মেলেনি।
কবির হোসেনের বাবা আবুল তালেব জানান, তার বড় ছেলে কবির হোসেন সহজ-সরল প্রকৃতির। ছোট ছেলে মমিন হোসেন নিয়মিত ওই ফিল্ডে কাজ করতো। মমিন অসুস্থ হয়ে বাড়ি চলে যাওয়ায় তার জায়গায় কবিরকে কাজ করার জন্য লেবার সর্দার আঃ জব্বার নিয়ে আসে।
আবু তালেব আরো জানান, গত ১২ দিন ধরে তিনি কুমিল্লা, চাঁদপুর ও হাজীগঞ্জের আশপাশে ছেলেকে খুঁজে বেড়াচ্ছেন। দেশে গুম, খুন ও অপহরণের ঘটনা বেড়ে যাওয়ায় তিনি আতঙ্কিত হয়ে আছেন। ছেলের খোঁজে হাজীগঞ্জ থানায় গিয়ে জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল মান্নানকে ছেলেকে উদ্ধারের জন্য তিনি কাকুতি মিনতি করেন।
এসআই আব্দুল মান্নান জানান, কবির হোসেনকে উদ্ধারে তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন।
হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহআলম নিখোঁজের ঘটনা নিশ্চিত করেছেন।
