ফরিদগঞ্জ:
ফরিদগঞ্জে দাফনের ২৫ দিন পর আদালতের নির্দেশে পুনঃ ময়না তদন্তের জন্য ফখরুল ইসলাম তালুকদার (৪২) নামে এক ব্যবসায়ীর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ফরিদগঞ্জের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহেদুল ইসলামের উপস্থিতিতে নিহতের গ্রামের বাড়ি ভঙ্গেরগাঁওয়ের পারিবারিক কবরস্থান থেকে এই লাশ উত্তোলন করা হয়। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও নিহতের স্বজনরাসহ গ্রামের শত শত লোকজন উপস্থিত ছিলো। এদিকে মামলা দায়েরের পর পুলিশ নিহতের স্ত্রী অভিযুক্ত ফেরদৌসী ফাতেমা আক্তার রিনা, শ্বশুর গোলাম মাওলা ও শাশুড়ি রোশনে আরা বেগমকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। তারা এখনো জেল হাজতে রয়েছে বলে বাদী নিশ্চিত করেছেন।
এর আগে গত ১০ মার্চ নিহতের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে ঘটনাস্থল গাজীপুরের জয়দেবপুর থানায় ফখরুলের স্ত্রী ফেরদৌসী ফাতেমা আক্তার রিনাসহ তার পরিবারের ৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে তিনি জানান, গত ৯ মার্চ ঢাকার উত্তরার ব্যবসায়ী আমার ভাই ফখরুল ইসলাম তালুকদার মোহন গাজীপুর জেলার জয়দেবপুর থানার মাজুখান এলাকায় তার শ্বশুর বাড়িতে বেড়াতে যান। সাংসারিকভাবে বনিবনা না হওয়ায় দুই সন্তানকে নিয়ে আগ থেকেই সেখানে থাকতো স্ত্রী ফেরদৌসী ফাতেমা আক্তার রিনা (৩২)। ঘটনার দিনে ছেলে অসুস্থের কথা বলে ফখরুলকে সংবাদ দিয়ে সেখানে নিয়ে কৌশলে তাকে আটকে রাখা হয়। পরের দিন ফখরুলের মা ফোন করে ছেলের খোঁজ নিলে স্ত্রী ফেরদৌসী জানান, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ খবর পেয়ে দ্রুত তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্বশুরের বাসার একটি খাটের উপর ফখরুলের নিথর দেহ পড়ে থাকতে দেখে।
মামলার বাদী সাইফুল ইসলাম জানান, বিল্লাল হোসেন নামে এক যুবকের সাথে ফেরদৌসীর পরকীয়ার জের ধরে পরিকল্পিতভাবে তার ভাবী ও শ্বশুর বাড়ির লোকজন ফখরুলকে শ্বাসরোধ করে বা বালিশ চাপা দিয়ে হত্যা করে। এখানেই শেষ নয়, তারা সাজানো ময়না তদন্ত শেষে ফখরুলের গ্রামের বাড়িতে তার লাশ তড়িঘড়ি দাফন করে ফেলে। কিন্তু ময়না তদন্ত রিপোর্টে দেয়া চিকিৎসকের রিপোর্ট বাদীর মনঃপুত না হওয়ায় তিনি আদালতে নারাজি আবেদন করে পুনঃ ময়না তদন্তের জন্য আবেদন করলে গত ২০ মার্চ গাজীপুর জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কবর থেকে লাশ উত্তোলনের অনুমতি প্রদান করেন। সে অনুযায়ী ২ এপ্রিল মঙ্গলবার লাশ উত্তোলন করে চাঁদপুর জেলা সদর হাসপাতালে পুনঃ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়।
